সম্পত্তির লোভে মা-ভাইকে পিটিয়ে বাড়িছাড়ার অভিযোগ আ. নেতার বিরুদ্ধে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০১:৪০ পিএম

সম্পত্তির লোভে লালমনিরহাট জেলা পরিষদ সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব তার মা ও ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে মা আনোয়ারা বেগম (৬৫), আপন ছোট ভাই তাজবিরুল  ইসলাম সুমন (৩৬) ও ছোট ভাইয়ের স্ত্রী খাদিজাতুল কোবরাকে (২৫) মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনায় সোমবার রাতেই সদর থানায় বিপ্লবের মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

কোনো উপায় না দেখে আওয়ামী লীগ নেতা বিপ্লবের মা আনোয়ারা বেগম সোমবার বিকেলে লালমনিরহাটের সাপ্তাহিক পত্রিকা লালমনিরহাট বার্তা অফিসে এক সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থেকে জানা গেছে, দীর্ঘ আট বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার করে স্বামীর বসতভিটা হতে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় ছেলে তাহমিদুল ইসলাম বিপ্লব।

এ নিয়ে  মা, দুই ভাই ও চার বোনের সঙ্গে তার বিরোধ চলে আসছে।

পিতৃহারা সন্তানদের অনেক কষ্ট করে আনোয়ারা বেগম শিক্ষিত করে গড়ে তোলেন।

মেয়েদের মধ্যে একজন ব্যারিস্টার তাসলিন আরেফা শবনম স্বামীসহ ৮ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। অন্য মেয়েদেরও বিয়ে হয়েছে। এখন তিনি ছোট ছেলের সংসারে থাকেন।

পারিবারিক  সম্পত্তির লোভ ও ক্ষমতার দাপটে  মা ও ভাইকে বাড়ি থেকে বের করে দেন এই নেতা।

এ সময় আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন।

আনোয়ারা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, বৃদ্ধ বয়সে ছেলের এই আচরণে তাকে রাস্তায় নামতে হবে তা জীবনে কল্পনাও করতে পারেননি। এটা যে কত কষ্টের তা কাউকে বলে বোঝানো সম্ভব না। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজ আলম বলেন, সোমবার রাতেই এ ঘটনায় তাহমিদুল ইসলাম বিপ্লবসহ আরও ৮/১০জন অজ্ঞাতকে আসামি করে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত