সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের নবনির্মিত গেট ভেঙে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাড়াশের তালম ইউনিয়নের গুল্টা বাজারে অবস্থিত কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের তোজাম উদ্দিন (৫০), বস্তুল গ্রামের রাশেদুল হাসান (২৬), নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিতপুর গ্রামের আয়নাল হক (৪০) এবং তাড়াশের নিচনপুর গ্রামের আসিফ আলী(১৪)।
আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- তালম গ্রামের বাবু (১৬) ও শফি (৩৫)। আহতদের উদ্ধার করে তাড়াশ,বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুল্টা হাট কমিটির সভাপতি গিয়াস উদ্দিন জানান, এদিন গুল্টা বাজারে সাপ্তাহিক হাটবার থাকায় কলেজের গেট ঘেঁষে দোকান সাজিয়ে বেচা-কেনা করছিল দোকানিরা। গত কয়েকদিন আগে নির্মিত গেটটি হঠাৎ বিকট শব্দে তাদের ওপর ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, নির্মাণ ত্রুটির কারণে গেটটি ভেঙে পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
