নেত্রকোনায় তাবলিগ জামতে এসে গোসল করতে নেমে মগড়া নদীতে ডুবে মুরাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মধ্য নাগড়া এলাকায় মগড়া নদীতে ডুবে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
এ সময় অন্যান্য সাথিদের চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুম মনিরা স্বর্ণা ও ডা. শাহিন সুলতানা মুরাদকে মৃত ঘোষণা করেন। মুরাদ ঢাকার টঙ্গী মধুমিতা এলাকার রতনের ছেলে।
পাশ্ববর্তী মসজিদের ইমাম হাবিবুর রহমান ও টঙ্গী থেকে একসঙ্গে আসা তাবলিগের সাথি মালেক এবং তানভীর জানান, মুরাদ এ বছর এসএসসি পরীক্ষা শেষে চল্লিশ দিনের জন্য নেত্রকোনায় আসে। মঙ্গলবার দুপুরে গোসল করতে মসজিদের পাশে মগড়া নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় নদী পাড় হয়ে ফেরার পথে মাঝ নদীতে সে ডুবে যায়। অন্যরা তাকে না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা নদীতে নেমে মুরাদকে উদ্ধার করে। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার এসআই দুলাল সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট করে। ছেলেটির বাবা মাকে খবর দেওয়া হয়েছে তারা এলে ব্যবস্থা নেওয়া হবে।
