উপস্থিত বুদ্ধিতে কুমিরের সঙ্গে প্রায় পাঁচ মিনিট লড়াই করে জীবন নিয়ে ফিরতে পেরেছে শেখ রাকিবুল ইসলাম রাকিব (১৪) নামে এক স্কুলছাত্র। গত সোমবার বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান (রহ.) মাজারের দিঘিতে এই ঘটনা ঘটে। কুমিরের কামড়ে আহত রাকিবকে ভর্তি করা হয়েছে বাগেরহাট সদর হাসপাতালে।
এই ঘটনার পর খানজাহান (র.) মাজারের খাদেমরা দর্শনার্থীদের দিঘিতে নেমে গোসল না করার পরামর্শ দিয়ে মাইকিং করছেন।
রাকিব বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে এবং দরগা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালের শয্যায় আহত রাকিব বলেন, মাজার দিঘির অদূরেই আমার বাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল দিঘিতে নেমে গোসল করব। সোমবার এক বন্ধুকে নিয়ে দিঘিতে কয়েকটি ডুব দিয়ে সিঁড়িতে ওঠে বসি। এর কিছুক্ষণ পর পানির নিচে আমার ডান পায়ে কুমির কামড়ে ধরে। পা ছাড়ানোর চেষ্টা করলে কুমিরটি আরও জোরে কামড় দেয়। পরে কুমিরের মাথায় এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকি। অন্তত পাঁচ মিনিট ধরে মারতে থাকলে কুমিরটি আমার পা ছেড়ে দূরে চলে যায়।
