আ.লীগের সভায় নাছির

কাউন্সিলর প্রার্থী নিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৩:০৫ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী নিয়ে যারা বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার কে সি দে রোড়ে চসিক নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।

নাছির বলেন, শেখ হাসিনা চট্টগ্রামবাসীর প্রতি আস্থা রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন। তাই নেত্রীর আস্থা ও মর্যাদা রক্ষায় নৌকা প্রতীককে আমাদের বিজয়ী করতে হবে। কিন্তু চসিকে কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের বাইরে যারা অন্যদের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং বিভিন্নভাবে অনাক্সিক্ষত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে নাছির বলেন, আপনারা যারা এসব অপকর্ম করছেন, তাদের আমরা চিনি। তারা শান্তি শৃঙ্খলা এবং দলীয় আদর্শ আনুগত্যের প্রতি আস্থা না আনলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাট সাফল্যের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তারা আর যা-ই হোক দলের জন্য বিপজ্জনক। তাই সবাইকে দলের শৃঙ্খলা, নিয়মনীতি অবশ্যই মেনে চলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত