শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ না হতেই এলাকা ও বাজারে ঘোরাঘুরি করার দায়ে দুই ইতালিপ্রবাসীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নড়িয়া উপজেলার চাকধ এলাকায় ও সদর উপজেলার প্রেমতলা এলাকায় তাদের ঘুরতে দেখে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ এবং নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
জরিমানা করা রবীন সরদার নড়িয়া উপজেলার বাহের দিঘিরপাড় গ্রামের মোকলেছ সরদারের ছেলে এবং সাগর মন্ডল একই উপজেলার লোনসিং গ্রামের শান্তি মন্ডলের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, যারা সম্প্রতি বিদেশ থেকে এসেছেন তাদের সরকারিভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু ১৪ দিন শেষ না হতেই তারা বন্ধুদের সঙ্গে সদরের প্রেমতলা ও নড়িয়ার চাকধ এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগর মন্ডলকে ২৫ হাজার টাকা ও রবীন সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাদের নজরদারিতে রাখা হয়েছে। ১৪ দিন যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন।
এ সময় নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পালং মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
