নির্দিষ্ট সময়েই হবে টোকিও অলিম্পিক, আশাবাদী আইওসি

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১০:৫৭ পিএম

করোনাভাইরাসের দাপটে বর্তমানে টালমাটাল ক্রীড়াবিশ্ব। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বা টেনিস, বিশ্ব জুড়ে স্থগিত করে দেওয়া হচ্ছে একের পর এক নামীদামি টুর্নামেন্ট। এই অবস্থায় আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে টোকিও অলিম্পিককে ঘিরে।

২৪ জুলাই থেকে জাপানের টোকিওতে বসার কথা অলিম্পিকের আসর। করোনাভাইরাসের প্রকোপের মাঝেও অবশ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, নির্দিষ্ট সময়েই অলিম্পিক আয়োজন করার বিষয়ে তিনি আশাবাদী।

এক বিবৃতিতে আইওসি জানিয়েছে, ‘২৪ জুলাই থেকে ৯ আগস্টের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অলিম্পিক আয়োজনের পরিকল্পনা নিয়েই আপাতত তারা এগোচ্ছে। কোনো ‘বড় সিদ্ধান্ত’ এখনই নেওয়া হচ্ছে না।’

বিবৃতিতে আইওসি আরো বলেছে, ‘অলিম্পিকের এখনো ৪ মাস বাকি। নির্দিষ্ট সময়েই অলিম্পিক হবে, এই ভেবেই আমরা এগোচ্ছি। এখন থেকেই অতিরিক্ত জল্পনার কোনো প্রয়োজন নেই। কোনো চরম সিদ্ধান্তও আমরা এই মুহূর্তে নিচ্ছি না। অলিম্পিকে অংশগ্রহণকারীদের সাধ্যমতো প্রস্তুতি নিতে আমরা উৎসাহ দিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত