নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন আবেদন ফের নামঞ্জুর হয়েছে। গতকাল বুধবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তার আইনজীবী জামিন আবেদন করলে বিচারক (জেলা জজ) মোহাম্মদ শামছুউদ্দিন খালেদ তা নাকচ করে দেন। এছাড়া একইদিন এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোর্তজা আহমেদ এবং বাদীপক্ষের প্রধান আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন দেশ রূপান্তরকে জানান, গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সুবর্ণচর আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিনের পক্ষে গতকাল জামিন প্রার্থনা করেন তার আইনজীবী। কিন্তু বিচারক তা নাকচ করে দেন। এছাড়া একইদিন মামলাটির সাক্ষী বেলাল হোসেনকে বৈরী ঘোষণা করে রাষ্ট্রপক্ষ। এ মামলার মোট ১৬ আসামির মধ্যে ১৫ আসামি কারাগারে রয়েছে। শুধু মিন্টু নামে এক আসামি পলাতক। বৈরী ঘোষিত সাক্ষী বেলাল পলাতক মিন্টুর ভগ্নিপতি বলে জানিয়েছেন এপিপি সালেহ আহম্মদ সোহেল খান। এর আগে তথ্য গোপন করে হাইকোর্ট থেকে রুহুল আমিনের পক্ষে জামিন নেওয়া হয়েছিল। তখন এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমালোচনার মুখে তার জামিন বাতিল করে হাইকোর্ট।
