করোনার সংবাদের লিংক ব্লক করছে ফেইসবুক

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৪:২৫ এএম

স্প্যাম ফিল্টারিং পলিসির কারণে করোনাভাইরাসের সংবাদ সংবলিত একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের লিংক ব্লক করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। ব্লক হওয়া লিংকের তালিকায় মিডিয়াম, বাজফিড ও ইউএসটুডের মতো পত্রিকা রয়েছে বলে জানিয়েছে মার্কেটওয়াচ।

এ বিষয়ে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টির দিকে নজর রাখছি এবং করোনাভাইরাস সংক্রান্ত তথ্য শেয়ারের জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিচ্ছি। ঠিক কী ঘটেছে বা কেন লিংকগুলো ব্লক হয়েছে সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

মুখপাত্রের এক বিবৃতির কয়েক ঘণ্টা পরেই গতকাল ফেইসবুকের গাই রোসেন এক টুইটবার্তায় বলেন, ‘স্প্যামবিরোধী ব্যবস্থার একটি বাগ এই ঘটনার জন্য দায়ী। সমস্যা সমাধানে আমরা কাজ করছি, যাতে ব্লক করা সব পোস্ট ফিরিয়ে আনা যায়।’ চলতি সপ্তাহেই ফেইসবুক কর্র্তৃপক্ষ করোনা আতঙ্কে তাদের কনটেন্ট মডারেটরদের ছুটি দিয়েছে। মডারেটরদের ছুটির সময় কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করেই ফেইসবুক চলবে এমন বিবৃতিও দেওয়া হয়েছিল ফেইসবুকের পক্ষ থেকে।

ফেইসবুক ব্যবহারকারী অনেকের অভিযোগ, তারা ফেইসবুকে করোনাভাইরাস সম্পর্কিত কোনো নিউজ বা নিবন্ধ শেয়ার দিলে ‘আপনার পোস্টটি স্প্যামবিষয়ক কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাচ্ছে’ এমন সতর্কতা সংবলিত একটি লেখা দেখা যাচ্ছে। এই সতর্কতার মানে, পোস্টদাতার ওই পোস্টটি কেউ দেখতে পারবে না। চলতি সপ্তাহের শুরুর দিকে ফেইসবুক ভাইরাস প্রতিরোধী মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করে দেয়। তখন ফেইসবুক কারণ হিসেবে, মাস্কের সংকটে এর মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত