পাকিস্তানের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও এক হাত নিলেন দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। কিংবদন্তি এ ব্যাটসম্যান মনে করেন পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ভারত, অস্ট্রেলিয়ার মতো দলে খেলার যোগ্য নন।
নিজের ইউটিউব চ্যানেলেই কোনো রাখঢাক না রেখে মিয়াঁদাদ বলেছেন, ‘আমি জানতে চাই এই পাকিস্তান দলে কি কেউ আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের মতো দলের হয়ে খেলার ক্ষমতা ধরে? আমাদের এমন কোনো ব্যাটসম্যানই নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে। আমাদের ভালো বোলার রয়েছে অবশ্যই। তবে ব্যাটিং লাইন আপে এমন কেউ নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে।’
ভারতের উদাহরণ টেনে মিয়াঁদাদ বলেন, ‘ভারতের দিকেই তাকিয়ে দেখা যাক। ৭০, ৮০, ১০০, ২০০ রান ওদের ক্রিকেটাররা করছে। একেই তো বলে পারফরম্যান্স। আমাদের দলে কিন্তু এ রকম কেউ নেই যে কিনা বিশ্বসেরা দলে সুযোগ পেতে পারে।’
পাকিস্তানি ব্যাটসম্যানদের উদ্দেশ্য করে মিয়াঁদাদ বলেন, ‘প্রতিদিনের পারফরম্যান্স ও বেতনের ভিত্তিতে পৃথিবী চলে। আজ রান করো, টাকা নাও। কাল যদি ফের রান করো তাহলে তুমি ফের টাকা পাবে। তুমি যদি রান করতে না পারো, তা হলে টাকা নেবে কেন?’’
পাকিস্তান বোর্ডের সমালোচনা করে মিয়াঁদাদ বলেছেন, ‘ইংল্যান্ড, পাকিস্তানের মতো দেশগুলো প্রতিটি সিরিজের ভিত্তিতে দল নির্বাচন করে। আগের সিরিজেই কেউ যদি পাঁচ শ রান করে, তা হলেও তাদের কথা ভুলে যায়। পাকিস্তানই একমাত্র দেশ যেখানে একটা শতরানের পরে দশটা ইনিংসে রান না পেলেও দলে জায়গা পাওয়া যায়।’
