বরিশালে হোম কোয়ারেন্টাইনের বাইরে ১০ হাজার বিদেশফেরত

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:৪৩ এএম

 বরিশাল বিভাগে ১০ হাজারের বেশি প্রবাসী দেশে ফিরলেও হোম করেন্টাইনে আছেন মাত্র ৪০৭ জন। দেশে ফেরা প্রায় ১০ হাজার মানুষের হদিস পাচ্ছে না বিভাগীয় প্রশাসন। সঠিক ঠিকানা না থাকায় যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা যাচ্ছে না। বিভাগীয় প্রশাসন জানিয়েছে, গত ১৯ দিনে বরিশাল বিভাগের ১০ হাজার ৩০৩ প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে মাত্র ৪০৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হয়েছে। তবে পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সবাইকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় প্রশাসনের উদ্যোগে প্রবাসফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বরিশালের সব জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের ভিডিও কনফারেন্স করা হয়েছে।
 

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, গত ১ মার্চ থেকে দেশে ফিরেছেন বরিশালের ১০ হাজার ৩০৩ প্রবাসী। তাদের অনেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এ কারণে তাদের সবাইকে খুঁজে পাচ্ছে না প্রশাসন। গোয়েন্দা পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী এ পর্যন্ত ৪০৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হয়েছে। বাকিদের খুঁজে পেতে বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সতর্ক করা হয়েছে। সম্মিলিতভাবে প্রবাসফেরতদের খুঁজে কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র, পার্ক, কোচিং সেন্টার, শপিং মল, সিনেমা হলসহ জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, প্রবাসফেরতদের মাধ্যমেই করোনা ছড়াচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে না পারলে বড় বিপর্যয় হতে পারে। কারোর মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাকে বিশেষায়িত হাসপাতালে আইসোলেশনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। করোনা সংক্রমণ থেকে দূরে থেকে রোগীদের সেবা দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের অন্যান্য জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপি (সুরক্ষা সরঞ্জামাদি) সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল থেকে এই সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গতকাল পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদর দপ্তরের মূল ভবনের নিচতলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন ডা. বাসুদেব কুমার দাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত