ঠাকুরগাঁও শহরের ডিসি পার্ক এলাকার পাশের জঙ্গলের গর্তে নূপুর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নূপুর পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। তারা ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় বাসা ভাড়া করে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নূপুর। এরপর বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাতে স্থানীয়রা ডিসি পার্কের পাশে শিশুটির মরদেহটি একটি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কি কারণে এই শিশুটি হত্যা হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত চলেছে । মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
