করোনা সতর্কতায় পোশাক কারখানা বন্ধ করে সবেতনে ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
সংগঠনটির দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, করোনার কারণে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হয়েছে, এসেছে হল খালির নির্দেশ, সভা-সমাবেশ নিষিদ্ধ, ক্রিকেট টুর্নামেন্ট বন্ধসহ সব ধরনের লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের ৪০ লাখ শ্রমিকের বিশেষ নিরাপত্তায় মালিক বা সরকারের কোনো ঘোষণা আসেনি। এ পরিস্থিতিতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
তারা আরও বলেন, ইতিমধ্যে ইউরোপ এবং আমেরিকার অনেক ব্র্যান্ড তাদের অর্ডারের পরিমাণ কমাচ্ছে, কোথাও কোথাও বাতিল করছে। এ পরিস্থিতিতে কারখানায় শ্রমিকদের মধ্যে করোনা সংক্রামিত হলে ভবিষ্যতে রপ্তানি আয়ের শীর্ষে থাকা এ খাত আরও হুমকি ও বিপদের মধ্যে পড়বে। এছাড়া করোনা শ্রমিকদের মধ্যে ছড়ালে বায়াররা ভবিষ্যতেও বাংলাদেশে অর্ডার দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হবে, যা অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। আপাতত বিশেষ পরিস্থিতিতে কারখানা বন্ধ রাখলে সাময়িকভাবে অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও ভবিষ্যতের বিপদ দূর হবে বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা।
