সাতক্ষীরা মেডিকেল

পেক্স মেশিন থাকার পরও মামলা প্রত্যাহার চান সাবেক তত্ত্বাবধায়ক

আপডেট : ২১ মার্চ ২০২০, ০২:০৬ এএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলী তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের আত্মসাৎ মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। গত ১০ মার্চ তিনি এ আবেদন করেন।

ডা. শাহজাহান দাবি করেন, গত বছরের ৩১ অক্টোরব দুদক খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান যে অভিযোগে মামলা করেন, তা সঠিক তথ্যের ভিত্তিতে হয়নি। ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিকচার অ্যাচিভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম (পেক্স) মেশিন সরবরাহ ও না বসিয়ে (ইনস্টলেশন) ৬ কোটি ৯৯ লাখ টাকা বিল তুলে আত্মসাতের অভিযোগে ডা. শাহজাহান ও তিন ঠিকাদার প্রতিষ্ঠানকে আসামি করে মামলা করা হয়। কিন্তু এ অভিযোগ সঠিক নয়। পেক্স মেশিন কেনার দরপত্রসহ সব প্রক্রিয়া সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শেষ করে সঠিক সময়ে সরবরাহ করা হয়। মন্ত্রণালয়ের সার্ভে কমিটি এটি বুঝে পাওয়ার পর ব্যয় মঞ্জুরি ও প্রশাসনিক অনুমোদন দিলে ঠিকাদারের বিল দেওয়া হয়। তবে জাপানে দুর্যোগের কারণে সে সময়ে প্রকৌশলীরা সঠিক সময়ে না আসায় সফটওয়্যার ইনস্টলেশন দেরি হয়। এজন্য মেশিন না বসানো পর্যন্ত যন্ত্রপাতির মূল্যের সমপরিমাণ টাকা ঠিকাদারের ব্যাংক গ্যারান্টি রেখে দেওয়া হয়। মেশিনটি বসানো শেষ হলে তা ফেরত দেওয়া হয়।

তিনি বলেন, সর্বসাধারণ নিয়মিত পেক্স মেশিনের সেবা পাচ্ছে। এটি কেনার মূল্যায়ন কমিটি ছাড়া কোনো কমিটিতে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ ছিল না। বিষয়টি গত বছরের ২২ অক্টোবর দুদকের সংশ্লিষ্ট উপপরিচালক, পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হয়। এরপরও মামলায় ভুল তথ্য দেওয়া হয়েছে। নিজেকে অসুস্থ উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি চান ডা. শাহজাহান।

এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বলেন, ‘নথি না দেখে এখন কিছু বলা সম্ভব নয়। তবে তদন্তে তার আবেদনের বিষয়টি খতিয়ে দেখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত