পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীররাতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজন খানেক মামলা রয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সাঁথিয়া থানা-পুলিশ শুক্রবার দিনগত গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে তারা পিছু নিলে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাঁসুয়া ও একশ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাঁথিয়া থানার এসআই সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও জানান, কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করতেন। ইতিপূর্বে পুলিশের কাছে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করতেন বলেও জানান ওসি।
নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
