নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৮:১৯ এএম

নীলফামারীর ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ কালীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় ওই ভ্যানের আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহতরা হলেন- অটোরিকশাভ্যানের চালক ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি গ্রামের মৃত ওসির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০) ও যাত্রী একই উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি শালমাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আজিজার রহমান (৬৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোস্তাফিজার রহমান জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা ডোমারগামী কাভার্ডভ্যানটি ধরণীগঞ্জ কালীতলা নামক স্থানে বিপরীত থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাভ্যানকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে ওই অটোরিকশাভ্যানের চালক সাইফুল ইসলাম ও যাত্রী আজিজার রহমান কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় ওই ব্যাটারিচালিত রিকশাভ্যানে থাকা অপর যাত্রী আব্দুল হাকিম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন কাভার্ডভ্যানসহ চালক ও তার সহযোগীকে আটক করে। আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত আব্দুল হাকিমের বাড়ি শালমারা গ্রামে। খবর পেয়ে ডোমার থানা-পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগিতায় নিহত চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহসহ আটক কাভার্ডভ্যান চালক ও তার সহযোগীকে থানায় নেয়া হয়েছে। নিহত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত