কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৮:৫৩ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামি মৃত্যুবরণ করেছেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের নাম মিজানুর রহমান মিন্টু (৬৭)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার নাওমহন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, মিন্টু সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে মিন্টুর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার জানান, মিন্টুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন ছিল। তার হাজতি নম্বর- ৩৫৫৫/২০১৫।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত