সিলেটের একটি হাসপাতালে করোনাভাইরাসে (কভিড) আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন প্রবাসী এক নারী (৬১) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয় বলে জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড।
সিলেটে করোনা আক্রান্তের বিষয় দেখাশোনার দায়িত্বে থাকা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘প্রবাসী ওই নারী করোনাভাইরাসের কারণে মারা গেছেন কিনা বিষয়টি দেখা হচ্ছে। লাশ এখনো হাসপাতালেই রয়েছে।’
তিনি বলেন, ‘পরীক্ষা শেষে যদি জানা যায়, তিনি করোনাভাইরাসের কারণে মারা গেছেন, তাহলে লাশ হস্তান্তরের সময় নির্দেশনা দেওয়া হবে, কী করা প্রয়োজন।’
সংশ্লিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল খালেক জানান, ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা।
রবিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের কর্মকর্তাদের সিলেটে এসে ওই নারীর রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল বলেও জানান তিনি।
