আমরা আসলে করোনারও অযোগ্য: সাংবাদিক কাজল নিখোঁজ প্রসঙ্গে আশফাক নিপুণ

আপডেট : ২২ মার্চ ২০২০, ০২:৫৩ পিএম

১১ দিন পার হয়ে গেলেও সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ রহস্যের জট খোলেনি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রবিবার লেখেন, “আজকে ১১ দিন হয়ে গেল সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ। অবাক লাগে ১৪ ডিসেম্বর ১৯৭১ এর বুদ্ধিজীবীদের নিয়ে ঘটে যাওয়া জঘন্য অপরাধকে নিয়ে যারা মাতম বিলাপে ফেসবুক ভাসায় দেন, সেই উনারাই এ রকম ইস্যুতে মুখে তালা দিয়ে রাখেন।

আমরা আসলে করোনারও অযোগ্য। করোনারও একটা নীতি বা ধর্ম আছে, আমাদের তাও নাই!”

গত ১১ মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শফিকুল ইসলাম কাজল। এরপর বাবাকে অপহরণের অভিযোগে মামলা করতে কয়েক দিনে একাধিকবার রাজধানীর নিউমার্কেট ও চকবাজার থানায় যান কাজলের ছেলে মনোরম পলক। এই সময় এক থানার পুলিশ আরেক থানার ওপর দায় চাপিয়ে মামলা নথিভুক্ত করছে না বলে অভিযোগ তোলেন কাজলের পরিবার।

বারবার চেষ্টা করেও থানায় মামলা করতে ব্যর্থ হয়ে পলক শরণাপন্ন হন হাইকোর্টের। ১৮ মার্চ হাইকোর্টে গেলে আদালত আবারও মামলা করতে যাওয়ার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা পর চকবাজার থানা মামলা নেয়।

সহকর্মীদের দাবি, কাজল নিখোঁজ হলেও ফেইসবুকে দেওয়া তার কিছু পোস্ট কে বা কারা মুছে দিয়েছে। ওই পোস্টগুলো যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে আপলোড করা হয়েছিল। পাপিয়ার ডেরায় যাতায়াতকারী বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাকে নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও পত্রিকাটির প্রতিবেদক আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন সাংসদ সাইফুজ্জামান শিখর। ওই মামলার দিন থেকেই নিখোঁজ রয়েছেন সাংবাদিক কাজল।

শফিকুল ইসলাম কাজল ইংরেজি দৈনিক নিউএজ, বাংলা দৈনিক সমকাল ও বণিকবার্তায় কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত