ট্রেনের কামরা স্যানিটাইজ করলেন নায়িকা

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৩:২০ পিএম

করোনাভাইরাস নিয়ে হাতে-কলমে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। শুক্রবার ট্রেন সফরের একটি ভিডিও ও বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে স্যানিটাইজার দিয়ে এক্সপ্রেস ট্রেনের কামরা পরিষ্কার করছেন।

মুখে মাস্ক ঢাকা অবস্থাতেও দেখা গেল অভিনেত্রীকে। ট্রেনের কামরা স্যানিটাইজ করবার সময় হাতে গ্লাভসও পরেছিলেন রাভিনা। তাই সুরক্ষার দিক থেকে সব রকম সচেতনতা তিনি অবলম্বন করেছেন বলাই বাহুল্য।

এখানেই শেষ নয়, রাভিনা নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট জানিয়েছেন একটি শুটিংয়ের প্রয়োজনেই গত সপ্তাহে এই ট্রেন সফর সেরেছেন তিনি। এমন এক শহরে গিয়েছিলেন যেখানে এখনো পর্যন্ত একজনও করোনায় সংক্রমিত নন, তা সত্ত্বেও নিজেকে বাড়িতেই কোয়ারেন্টাইন করে রেখেছেন নায়িকা। ৩১ মার্চ অবধি তিনি গৃহবন্দী থাকবেন বলে জানিয়েছেন।

অপর একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজের ট্রেন সফরের বেশ কিছু ছবি পোস্ট করে রাভিনা লেখেন, “খুব জরুরি… নিজের মাস্কের সামনের দিকটিতে হাত দেবেন না। মাস্ক খোলবার সময় পাশে থাকা ব্যান্ড দুটিতেই কেবল হাত দিন। বাইরে বার হলে হাতে গ্লাভস পরুন। কারণ দরজার হাতলগুলোতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। পরিষ্কার শেষ এবার আরাম করবার পালা! হাইজিনের কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি। যদি প্রয়োজন পরে তাহলেই একমাত্র সফর করুন এবং সব সময় নিজের এবং আপনার আশপাশের মানুষদের সুরক্ষার কথা মাথায় রাখুন। অন্যকে বিপদে ফেলবেন না...।”

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা রাভিনা অনেক দিন সিনেমায় ছিলেন না। সম্প্রতি তিনি অংশ দেন ‘কেজিএফ চ্যাপটার টু’র শুটিংয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত