নরসিংদীর মনোহরদীতে নভেল করোনাভাইরাস রোধে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর উদ্যোগে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শতাধিক নারী-পুরুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়াসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবি, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরিফ রায়হান ও সাংবাদিক সুমন বর্মণ প্রমুখ।
এ সময় আয়োজকরা জানান, যাদের সামর্থ্য আছে তারা করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পরে ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। কিন্তু সমাজের অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ টাকার অভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনতে এবং ব্যবহার করতে পারে না। মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক দায়বদ্ধতা থেকে মনোহরদী ও বেলাব উপজেলায় এ উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করোনাভাইরাস প্রতিরোধে সবাই সচেতন হয়।
