চট্টগ্রাম নগরীতে বিদেশফেরতদের মধ্যে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল পাঠাচ্ছে সিএমপি।
সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম নগরীতে চলমান থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান।
তিনি বলেন, আমরা তাদের মনোবল বাড়াতে এবং তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকে সে জন্য উৎসাহ দিতে বাসায় ফল পাঠাচ্ছি। যাতে তারা নির্ভয়ে থাকে এ জন্য এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি এ কার্যক্রমে বিদেশফেরতরা নজরদারির আওতায় থাকবে। তারাও বুঝতে পারবে পুলিশ তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন।
তিনি জানান, পুলিশ সদস্যরা পিপিই পরিধান করেই হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির বাসায় যাচ্ছেন।
সিএমপি কমিশনার আরো জানান, প্রথম দিন নগরীর ১৬ থানায় পাঁচটি করে মোট ৮০ পরিবারে এ ফল পাঠানো হয়েছে। প্রতিদিন এভাবে কোয়ারেন্টাইনে থাকাদের বাসায় ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল পাঠানো হবে।
এদিকে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সিএমপির বিশেষ শাখা থেকে পাওয়া তালিকা অনুযায়ী আমরা প্রথম দিন হোম কোয়ারন্টাইনে থাকা পরিবারের সদস্যদের কমলা ও মাল্টা দিয়েছি।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কমিশনার স্যারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিদেশ থেকে আসা পাঁচ পরিবারের কাছে পুলিশ সদস্যরা দিয়ে এসেছেন। পাশাপাশি তারা হোম কোয়ারেন্টাইন মানছে কি না স্থানীয়দের মাধ্যমেও খোঁজ নিয়েছেন পুলিশ সদস্যরা।
