সিলগালা খুলে আটক খাদ্যগুদামের পরিদর্শকসহ ১১ জন

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১১:৩১ পিএম

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সিলগালা করা গুদাম খোলার অপরাধে ১০ শ্রমিকসহ কিশোরগঞ্জের ভৈরব সরকারি খাদ্যগুদামের পরিদর্শক কামরুল হাসানকে আটক করা হয়েছে। ডিজির নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা গতকাল সোববার সন্ধ্যায় তাদের খাদ্যগুদাম থেকে পুলিশ দিয়ে আটক করেন।

আটক অন্যরা হলেন গুদামের সরদার আবদুস সালাম, শ্রমিক আবদুল হান্নান, ফরিদ মিয়া, সোহরাব হোসেন, তাজুল ইসলাম, মিটন, মহন মিয়া, লোকমান হোসেন, বরজু মিয়া ও রউফ মিয়া।

জানা যায়, গত শনিবার বিকেলে (ডিজি) মো. সারোয়ার মাহমুদ ভৈরব সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি ২ ও ৩ নম্বর গুদামে চালের মজুত কম সন্দেহ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) কামরুল হাসানকে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এদিন তিনি পাশের একটি রাইস মিলের গেট গুদামের সঙ্গে খোলা দেখতে পান। পরে ডিজি ২ ও ৩ নম্বর গুদাম সিলগালা করে ঢাকায় চলে যান। পরে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনকে গুদামের সঙ্গে রাইস মিলের সংযোগ ইটের দেয়াল দিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক তানভীর দেয়াল দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় তিনি দেখেন সিলগালা করা ৩ নম্বর গুদামটির দরজা খোলা এবং গুদামের ভেতর ঠিকাদাররের শ্রমিকরা বস্তার খামাল (সারি) ঠিকঠাক করছেন। পরে তিনি ডিজিকে ঘটনাটি অবহিত করলে ওই ১১ জনকে আটক করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ডিজির দেওয়া সিলগালা ভেঙে পরিদর্শক অপরাধ করেছেন। গুদামে মজুদ করা চাল কম রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত