ফেনীতে সন্দেহভাজন করোনা রোগী পালানোর পর ভবন লকডাউন

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:৩২ এএম

ফেনী সদর উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি আত্মগোপন করেছেন- স্থানীয়রা এমন খবর দিলে গত রবিবার রাতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে ভবনটি লকডাউন করে দেন। সোমবার ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, সদর উপজেলার পাঁছগাছিয়া এলাকার সেতু বিল্ডিংয়ে সন্দেহভাজন করোনা রোগী নুর মোহাম্মদ অবস্থান নেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কয়েকদিন বিদেশফেরত ব্যক্তিদের সঙ্গে ঘোরাঘুরি করে ওই ভবনে ওঠেন বলে স্থানীয়রা জানান। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তিনি রাতেই পালিয়ে যান। এরপরও বাকিদের সংক্রমণ ঠেকাতে ভবনটি লকডাউন রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল নুর মোহাম্মদ নিজে মহাখালীর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য গেলে, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে ফেনী থেকে তিনি কীভাবে ঢাকা গেছেন, তা জানা যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বিগত ২৪ ঘণ্টায় ফেনীতে ১৪৬ প্রবাসীসহ ৫২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ২১ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত