নিম্নমানের কাজে বাধা

এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:৩৮ এএম

সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে বাধা দেওয়ায় পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাবনা সদর থানায় তিনি জিডিও করেছেন।

এলজিইডি পাবনার একটি সূত্র জানায়, ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর জিসিএম-বনওয়ারিনগর জিসিএম সড়ক পুনর্বাসন কাজ করছেন ঠিকাদার জিন্নাত আলী জিন্নাহ। সেখানে ২৮/ ৩০ ট্রাক নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছিল ঠিকাদার প্রতিষ্ঠান। এতে বাধা দেওয়ায় নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নির্বাহী প্রকৌশলী বলেন, ‘গত ১৩ মার্চ রাত ১১টার সময়ে একটি মোবাইল নম্বর থেকে ঠিকাদার জিন্নাত আলী জিন্নাহর পার্টনার নজরুল ইসলাম ঝন্টু আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাকে দেখে নেওয়া ও প্রাণনাশের হুমকিও দেন।’

ঠিকাদার জিন্নাত বলেন, ‘সবই মিথ্যা। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। ঠিক হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত