ফতুল্লায় পোশাককর্মীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৬:৪৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাহিনূর (৩৮) নামে এক পোশাককর্মীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নূর ইসলাম নামে এক গাড়িচালকের বিরুদ্ধে। গত রবিবার রাত ৯টায় ফতুল্লা পাইলট হাই স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে স্থানীয়রা মাহিনূরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। অভিযুক্ত নূর ইসলাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর ব্যক্তিগত গাড়িচালক। ঘটনার পর থেকে সে পলাতক।

ফতুল্লা থানার এসআই তারেক আজিজ জানান, নূর ইসলাম তার দূরসম্পর্কের শ্যালিকা মাহিনূরকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি জানার পর নূরের স্ত্রী হাসিনা বেগম মাহিনূরকে মারধর করে এলাকা ছাড়তে বলেন। কিন্তু মাহিনূরের পরিবার স্থানীয়দের বিষয়টি জানায় এবং থানায় অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে নূর পূর্বপরিকল্পনা অনুযায়ী রবিবার রাত ৯টার দিকে গার্মেন্টস থেকে ফেরার পথে জোর করে মাহিনূরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মাহিনূরের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানান তিনি। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত নূর ইসলামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত