কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত, ১২ চিকিৎসক কোয়ারেন্টাইনে

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৯:৪৬ পিএম

কক্সবাজারে ৬০ বছর বয়সী এক নারী প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার খবরে কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকাকে লকডাউন করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ১২ জন চিকিৎসক, ৬ জন নার্স ও ৩ জন ক্লিনারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালের ৫০১নং কেবিনে ওই বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিকেল ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমদুল্লাহ মারুফ এ লকডাউন ঘোষণা করে লাল পতাকা, ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কক্সবাজার শহরের পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর মোড় থেকে পশ্চিমে খোরশেদ ভবনের সামনে হয়ে পল্লবী লেইন লকডাউন হিসেবে চিহ্নিত করা হয়েছে

এছাড়া ওই বৃদ্ধা চট্টগ্রামে যে বাসায় অবস্থান করছিলেন সেই বাসা এবং চকরিয়ার উপজেলার খুটাখালীর নিজ বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমদুল্লাহ মারুফ জানান, করোনায় আক্রান্ত ওই নারীকে যেসব লোক সংস্পর্শে গেছে এবং আবার সংস্পর্শে যাওয়া মানুষের যারা সংস্পর্শে গেছে তাদের এবং আশপাশের এলাকা ও মানুষকে নিরাপদ রাখতে লগডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ওই নারীর শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্তের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালের ১০ চিকিৎসকসহ মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৪ মার্চ দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে ওই বৃদ্ধার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ১৩ মার্চ তিনি পবিত্র ওমরাহ সমাপ্ত করে সৌদি আরব থেকে দেশে ফেরেন। ১৮ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার (২৪ মার্চ) পাঠানো রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত