ক্যারিবিয়ান লিগ স্থগিতের সিদ্ধান্ত এখনই নয়

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৯:৫২ পিএম

করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেও আপাতত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) পিছিয়ে দেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনই থমকে গেছে। একে একে পিছিয়ে যাচ্ছে বড় বড় সব ক্রীড়া আয়োজন। এরই মধ্যে অলিম্পিক গেমস, ইউরো ফুটবল, কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে গেছে। বিভিন্ন ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতাও স্থগিত রয়েছে।

এ মাসের শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর কথা থাকলেও ১৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। এ বছর আইপিএল হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। ২৮ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে ইংলিশ ক্রিকেট মৌসুমও।

এ অবস্থায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বিষয়ে কি ভাবছে কর্তৃপক্ষ তা জানতে অনেকেরই কৌতূহল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু হাতে সময় রয়েছে, তাই এখনই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি হয়ে যায় বলে মনে করছে কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে তারা জানায়, ‘সিপিএল কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজস্ব চিকিৎসা উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেট সম্পর্কিত বর্তমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনা করে যাচ্ছে। বর্তমানে আসরটি সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সিপিএল বিশ্বাস করে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়াটা দ্রুত হয়ে যায়। তবে এটি একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ক্যারিবীয় ও বিশ্বজুড়ে অবস্থা কি গড়াচ্ছে তা সতর্কতার সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত