রংপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জ্বর ও সর্দি নিয়ে ওই রোগী হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে নে্ওয়া হয়। সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতালে ভর্তি যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার একটি হাসপাতালে এক রোগীর সঙ্গে অবস্থান করেছিলেন বলে জানা গেছে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ওই রোগীর জ্বর ও কাশি ছিল। বর্তমানে একটু শ্বাসকষ্ট রয়েছে। তিনি করোনায় আক্রান্ত কি না সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওই রোগীকে করোনা ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালের পরিচালক আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করছেন। আইইডিসিআরের প্রতিনিধি দল রক্তসহ বিভিন্ন নমুনা নিয়ে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না।
