করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একজন পুলিশ সদস্য ও তার বাবাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলোশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের হাসপাতালে আনা হয়।
পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের পুলিশ লাইনের কনস্টেবল। তার সেবা করায় বাবাকেও ভর্তি রাখা হয়েছে হাসপাতালে।
খুমেক হাসপাতালের আরপি ও করোনা ইউনিটের ফোকাল পার্সন শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, কেএমপির ওই পুলিশ সদস্য গত ২১ মার্চ থেকে জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মঙ্গলবার এখানে চিকিৎসা নিতে আসেন।
শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে যাচ্ছে।
খুমেক হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ওই দিন রাতে ওই পুলিশ সদস্যকে তার বাবা করোনা সন্দেহে হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ সদস্যের জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি ও গলা ব্যথা রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়।
তিনি এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া প্রথম রোগী। ছেলেকে এ অবস্থায় মাগুরা থেকে নিয়ে আসেন ওই বাবা।
চিকিৎসাসহ সেবা দেওয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকেও তাৎক্ষণিক করোনা ইউনিটে রাখা হয়েছে। তাদের স্যাম্পল বুধবার সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
কেএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম বলেন, ওই পুলিশ সদস্য ছুটি শেষে মাগুরা থেকে মঙ্গলবার খুলনায় আসেন।
