সমালোচনায় না মেতে দায়িত্ব নেওয়ার আহ্বান তামিমের

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৩:২৩ পিএম

করোনাভাইরাসের কারণে বিপর্যন্ত বিশ্ব। এর ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে করোনায় আক্রান্তদের এবং বর্তমান পরিস্থিতিতে বিপাকে পড়া সাধারণ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সমালোচনা না করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল।

করোনা মোকাবিলায় তহবিল গঠন করেছেন ক্রিকেটাররা। তহবিল গঠনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও কিছু দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া আরও ১০ ক্রিকেটার। মোট ২৭ জন ক্রিকেটারদের সবাই নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করছেন সরকারি তহবিলে।

এ ব্যাপারে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর।”

“আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে সেটিই বড় হয়ে উঠবে। চারপাশের সবার সমালোচনায় মেতে না থেকে আমরা যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় সম্ভব।”

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মৃতের সংখ্যা পাঁচজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত