নিজ দেশে ফিরতে না পেরে বাংলাদেশে অধ্যয়নরত ভারতের ৮০ জন শিক্ষার্থী ঢাকায় ফিরে গেলেন। ভারতের জম্মু কাশ্মীরের বাসিন্দা এই ৮০ শিক্ষার্থী বাংলাদেশ থেকে লেখাপড়া করেন। তাদের মধ্যে রয়েছেন ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী।
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় নিজ দেশে ফিরতে চেয়েছিলেন তারা। কিন্তু ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদের ভারতে প্রবেশে বাধা দেয়ায় তারা আর দেশে ফিরতে পারেননি।
মঙ্গলবার সকাল থেকে দেশে ফেরার অপেক্ষা করে রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল থেকে ঢাকায় ফিরে যান তারা। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী দুপুরে তাদের খাবারের ব্যবস্থা করেন।
বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সহ সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধুসহ একটি টিম বেনাপোল ইমিগ্রেশনে যান এবং তাদের খোঁজ খবর নেন।
বেনাপোল ইমিগ্রেশনের ও সি আহসান হাবিব জানায়, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গ লকডাউন থাকায় তাদেরকে দেশে ঢোকার অনুমতি দেয়নি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। তারা বেনাপোল ইমিগ্রেশনকে জানিয়ে দেন কোন ভাবেই তাদের ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। এরপর অনেক সময় অপেক্ষা করে রাতে তারা বেনাপোল ইমিগ্রেশন থেকে বাস যোগে ঢাকায় চলে যান।
