বিত্তশালীদের একটা অংশ সরকারি ব্যবস্থায় কোয়ারেন্টাইনে থাকতে চান না। ফলে প্রবণতা তৈরি হচ্ছে বিদেশ যাত্রার কথা এড়ানোর। আর সেখান থেকেই তৈরি হচ্ছে বিপদ। সেই বিপদ এড়াতে এবার হোটেলে ‘কোয়ারেন্টাইনে’ থাকার বন্দোবস্ত করল পশ্চিমবঙ্গ সরকার।
আনন্দবাজার পত্রিকা জানায়, এই হোটেলবাসের খরচ সরকার দেবে না। দিতে হবে যিনি কোয়রান্টাইনে থাকবেন, তাকেই।
বুধবার স্বাস্থ্য দফতরের তরফে শহরের ৩১টি হোটেলের তালিকা প্রকাশ করা হয়েছে। নানা মাপের, নানা খরচের হোটেল রয়েছে ওই তালিকায়।
বিলাসবহুল তিন তারা হোটেলও যেমন রয়েছে, তেমনই রয়েছে মাঝারি মানের হোটেলও। তবে কোয়রান্টাইনে থাকা ব্যক্তির কাছ থেকে হোটেল সর্বাধিক কত টাকা নিতে পারবে তা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তিন তারা হোটেলে থাকার খরচ দৈনিক ৭ হাজার রুপি। অন্য হোটেলে ২ হাজার ২০০ টাকা দিয়েও থাকা সম্ভব।
কোয়ারেন্টাইনে রাখার জন্য হোটেল কর্তৃপক্ষকেও মানতে হবে স্বাস্থ্য দফতরের কয়েকটি নিয়ম। প্রথমত, একটি ঘরে একজন ব্যক্তিই থাকবেন। ওই ব্যক্তির ঘরে কাউকে যেতে দেওয়া হবে না। ওই ব্যক্তির ঘর প্রতিদিন নির্দিষ্ট রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ওই ব্যক্তির ব্যবহৃত বিছানার চাদর এবং অন্যান্য জিনিস আলাদা করে কাচাকাচি করতে হবে।
এ ছাড়া ১৪ দিনের আগে ওই ব্যক্তি ঘরের বাইরে যেতে পারবেন না। ক্লোজ সার্কিট ক্যামেরায় নজর রাখা হবে তার গতিবিধির ওপর।
