খাগড়াছড়িতে ফাঁকা রাস্তাঘাট, কোয়ারেন্টাইনে ১৩৪ জন

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৩:৩৮ পিএম

করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হলেও সচেতনতা বেড়েছে খাগড়াছড়ির গ্রামগুলোতে। কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আর বের হলে মুখে মাস্ক লাগিয়ে বের হচ্ছে আর ঘরে ঢোকার সময় ব্যবহার করছে নানা ধরনের জীবাণুনাশক। অপ্রয়োজনে যাচ্ছে না একজনের ঘর অন্যজন।

বন্ধ রয়েছে গ্রামে অধিকাংশ দোকানপাটও। তবে গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের কথা বিবেচনা করে খোলা রেখেছেন অনেকে তবে একজনের অধিক আসতে দিচ্ছে না দোকানে।

গ্রামে বিস্তৃতি রোধে ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে খাগড়াছড়িতে সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় নেমেছে।

তারা মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আর্থিক দণ্ড দিচ্ছেন তারা।

এদিকে গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকায় খাগড়াছড়ির চিত্র পাল্টে গেছে। জেলা ও উপজেলা সদরে দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা।

এদিকে খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা একজন রোগী মারা যাওয়া এবং

নতুন করে ৫৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে ১৩৪ জন থাকার কারণে আতঙ্ক বেড়েছে গ্রামবাসীদের। কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে হাসপাতালের ২জন ডাক্তার, ২ জন নার্স ও একজন আয়া রয়েছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা যাওয়া যুবকের শ্বাসকষ্ট ছিলো।তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবু সতর্কতার কারণে করোনা সন্দেহে আইসোলেশেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বুধবার রাত ৮টার দিকে মারা যান তিনি। তার রক্তের নমুনা আইসিসিডিআরে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ প্রশাসনের প্রধান খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিভিল প্রশাসনের সঙ্গে করোনা মোকাবিলা করার জন্য কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত