স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল ঘুমন্ত স্ত্রীর মুখমণ্ডল

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০২:৩১ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আব্দুল মোতালেব হোসেন (৪২) অ্যাসিড নিক্ষেপ করে ঘুমন্ত স্ত্রী শানু খাতুনের (২১) মুখমণ্ডল ঝলসে দেন। অ্যাসিডদগ্ধ শানু খাতুনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা স্বামী মোতালেব হোসেনকে আটক  করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, দুই বছর আগে মোতালেব হোসেনের সঙ্গে তাড়াশ উপজেলার আমসাড়া গ্রামের আশরাফ আলী প্রামানিকের মেয়ে শানু খাতুনের বিয়ে হয়।

বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে স্বামী মোতালেব। এ সময় শানুর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, মোতালেব থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরেফিন সবুজ জানান, অ্যাসিডদগ্ধ শানুর মুখমণ্ডলের অধিকাংশ ঝলছে গেছে। হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত