রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে গতকাল শুক্রবার ভোরে পাষ- স্বামীর এসিড নিক্ষেপে ঝলসে গেছে স্ত্রীর মুখমন্ডল।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আবদুল মোতালেব হোসেন (৪২) এসিড নিক্ষেপ করে ঘুমন্ত স্ত্রী শানু খাতুনের (২১) মুখমন্ডল ঝলসে দিয়েছে। এসিডদগ্ধ শানুকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা স্বামী মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, দুই বছর আগে মোতালেব হোসেনের সঙ্গে তাড়াশ উপজেলার আমসাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের মেয়ে শানু খাতুনের বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে স্বামী মোতালেব। এ সময় শানুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, মোতালেব থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরেফিন সবুজ জানান, এসিডদগ্ধ শানুর মুখম-লের অধিকাংশ ঝলছে গেছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
