যুক্তরাষ্ট্রে ৫ মিনিটে করোনা শনাক্তের পদ্ধতি

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৭:০৬ পিএম

কেউ নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত কি না, সেটি পাঁচ মিনিটে জানার পদ্ধতি আবিষ্কার করেছে মার্কিন প্রতিষ্ঠান  অ্যাবট ল্যাবরেটরিজ। যে ডিভাইসের মাধ্যমে পরীক্ষাটি করা হবে সেটি খুব সহজে বহনযোগ্য বলে জানিয়েছে ব্লুমবার্গ।

মেডিকেল ডিভাইস প্রস্ততকারক প্রতিষ্ঠানটি বিবৃতিতে বলছে, তাদের পদ্ধতি ইতিমধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেয়েছে। এপ্রিলের শুরু থেকে প্রতিদিন ৫০ হাজার ডিভাইস সাপ্লাইয়ের পরিকল্পনা চলছে।

অ্যাবটের দাবি, তাদের পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির পরীক্ষা করা যাবে মাত্র পাঁচ মিনিটে। আবার কারো দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম ওই যন্ত্রটি।

এটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা ‘এ’ এবং ‘বি’, ‘স্ট্রিপ এ’ এবং ‘আরএসভি’ পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাদের।

কভিড-১৯ রোগের ভ্যাকসিন এখনো তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা। মানুষের শরীরে একে শনাক্ত করাও কঠিন। বর্তমানে একজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত কি না তা জানতে কম করে দুই দিন বা তারও বেশি সময় লাগছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত