করোনাভাইরাসের লক্ষণ নিয়ে জাবি শিক্ষার্থী রামেকে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০১:৪৪ এএম

করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই। সেই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহের আবাসিক হলগলো।এরপরেই হল ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যায় ছাত্র-ছাত্রীরা। তবে এরইমধ্যে নাটোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। করোনায় আক্রান্তের লক্ষণ দেখা দেওয়ার পরে ওই ছাত্রকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। একই সঙ্গে ওই শিক্ষার্থীর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ উজ্জামান জানান, ঢাকা থেকে সর্দিকাশি ও জ্বর নিয়ে এক তরুণ বাড়িতে আসেন। ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হয়নি। বরং গলাব্যথাসহ শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে বাড়িতে চিকিৎসা চালানো হচ্ছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে হাসপাতালে আসার খবর দেন। তারপরেও ছাত্রটি আসেনি।

পরে থানা-পুলিশের সহযোগিতা নিয়ে তাকে শনিবার রাত নয়টায় অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল হাসপাতালের উদ্দেশে রওনা হয়। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে করোনার লক্ষণ দেখা গেছে। ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত