নারায়ণগঞ্জে স্ত্রী নির্যাতনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০১:১৭ পিএম

নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগ নেতা শাহ ফয়েজউল্লাহ ফয়েজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ফতুল্লা থানা পুলিশ জামতলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

ফয়েজ নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

এর আগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী আরোহী হাওলাদার (২২)। তিনি কলেজরোড এলাকার খলিল হাওলাদারের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি জামতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে শাহ ফয়েজউল্লাহ ফয়েজের সঙ্গে আরোহীর বিয়ে হয়। তাদের ঘরে এক সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ফয়েজ তার দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন শুরু করেন।

এর পরিপ্রেক্ষিতে ৮ লাখ টাকা দেন আরোহীর বাবা। এর মধ্যে ফয়েজ পরিবারের কোনো ভরণপোষণ না দিয়ে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে ২৭ মার্চ রাতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। পরে ৯৯৯ এ ফোন করলে ফতুল্লা থানা পুলিশ এসে তাকে উদ্ধার এবং চিকিৎসা করায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, শনিবার রাতে জামতলার বাসা থেকে ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত