করোনা: ভারতে একজন থেকে ৪০ হাজার মানুষ সংক্রমিত

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৪:২২ পিএম

ভারতে পাঞ্জাব প্রদেশে ২০টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, মাত্র একজনের কাছ থেকে তাদের সবার দেহে করোনা সংক্রমিত হয়েছে।

বিবিসি জানায়, ৭০ বছর বয়সী বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর পর তার আক্রান্তের হওয়ার খবর প্রকাশ পায়।

ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন শিখ ধর্মপ্রচারক বলদেব সিং। বিদেশ থেকে ফিরলেও করোনা বিস্তার ঠেকাতে কোনো ধরনের পরামর্শই তিনি মানেননি।  

এ ছাড়া মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি বড় উৎসবেও যোগ দিয়েছিলেন বলদেব সিং। ছয় দিনব্যাপী ওই উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ  অংশ নিয়েছিল।

এদিকে বলদেবের মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়র দেহে পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫৫০ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে বলদেবের সংস্পর্শে এসেছিল। কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে, ফলে তিনি যেখানে থাকতেন তার আশপাশে ১৫টি গ্রাম আমরা সিল করে দিয়েছি।’

তবে ভারতে এত বেশি সংখ্যায় মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানোর ঘটনা এটাই প্রথম না। রাজস্থানের ভিলওয়ারা শহরের একদল চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের মাধ্যমে বহু লোকের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই শহরের কাছের গ্রামগুলোর ৭ হাজার মানুষ এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ জন। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনাভাইরাস রোগী আসল সংখ্যা অনেক বেশি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত