কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সাত মাস বয়সী সেই শিশু মহম্মদ করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
তিনি জানিয়েছেন শিশুটির শরীর থেকে সংগৃহীত নমুনা আইইডিসিআর ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হয়েছেন শিশুটি কোভিড-১৯ এ আক্রান্ত নন।
রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দিয়েছেন বলে নিশ্চিত করে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন সম্পূর্ণরূপে সুস্থ ও ভালো আছে।
একই সঙ্গে শহরের কালিশংকরপুর এলাকার বাড়িতে ২৫ মার্চ থেকে লক ডাউন করে রাখা শিশুটির পরিবারকেও অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৩ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৭ মাস বয়সী শিশু মহম্মদকে ভর্তি করেন তার পরিবার। সেখানে চিকিৎসকেরা নিউমোনিয়ায় চিহ্নিত করে চিকিৎসা চলতে থাকে। ওই ওয়ার্ডের নার্সরা শিশুটির পরিবার সম্পর্কে জানতে পারেন যে, শিশুটির বাবা সিঙ্গাপুর থেকে ৯ মার্চ দেশে ফেরেন। এমন তথ্য পাওয়ার পর হইচই শুরু হয় হাসপাতালে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একরকম বাধ্য হয়েই ২৫ মার্চ দুপুরে শিশুটিকে আইসোলেশনে স্থানান্তর করা হয়।
