‘সেকেন্ড হোম’ বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তায় জেমি ডে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৩৫ পিএম

প্রধান কোচ হিসেবে বাংলাদেশ জেমি ডে’র প্রথম কর্মক্ষেত্র। মাত্র ৩৮ বছর বয়সে উয়েফা প্রো লাইসেন্স না থাকা সত্ত্বেও তাকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রায় পৌনে দুই বছর ধরে জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। তাই বাংলাদেশ এখন এই ইংলিশ কোচের কাছে ‘সেকেন্ড হোমের’ মতোই। এক অন্যরকম অনুভূতি নিয়ে তিনি তার দ্বিতীয় দেশকে নিয়ে চিন্তিত। করোনাভাইরাসের ক্রম বিস্তারে বাংলাদেশের ভবিষ্যৎ দারুণভাবে ভাবাচ্ছে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে বন্দি (হোম কোয়ারেন্টাইন) সময় কাটানো জেমি ডে’কে।

কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এবার বাংলাদেশকে নিয়ে উদ্বেগের কথা জানালেন, ‘করোনাভাইরাসে সারা বিশ্বের জন্য একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আমার দেশ ইংল্যান্ডেও একই রকম সমস্যা। একই ভাবে আমাদের স্বাস্থবিধিগুলো মেনে চলতে হচ্ছে। নিয়মিত বিরতি দিয়ে হাত ধুতে হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। নিজের প্রতি অনেক বেশি যতœবান থাকা ছাড়াও এখন আমাদের সবাইকে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। তাতেই ধীরে ধীরে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’ বাংলাদেশ নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে জেমি বলেন, ‘আমার কাছে বাংলাদেশ সেকেন্ড হোম। কারণ এদেশের মানুষের সঙ্গ আমার ভালো লাগে। তাদের ফুটবল এবং আমার প্রতি ভালোবাসার কোনো তুলনা নেই। আমি এখানে আমার কাজটাকে এবং এদেশের মানুষকে ভালোবেসে ফেলেছি।’ বিশ^কাপ বাছাইপর্বের স্থগিত হয়ে যাওয়া শেষ চারটি ম্যাচ নিয়ে আপাতত ভাবনা নেই জেমি’র, ‘আমি সত্যিই ম্যাচগুলো নিয়ে মোটেই ভাবছি না। কারণ ভাবনার জন্য অনেক বড় কিছুর সামনে আমরা দাঁড়িয়ে। হয়তো আমাদের আরও অনেক পথ পেরুতে হবে। তবে করোনার প্রকোপ কমে গেলে আমি ওই ম্যাচগুলো খেলতে মুখিয়ে আছি।’

ইংল্যান্ডের কেন্টে থাকেন জেমি ডে। গোটা যুক্তরাজ্যে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেও জেমি জানালেন তার শহরে এখনো এই মারণব্যাধি আঘাত হানেনি, ‘ইংল্যান্ডের অনেক জায়গা আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের এখানে এখনো কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এটা ভালো দিক। তবে সবাইকে সাবধান থাকতে হচ্ছে। সতর্কতামূলক নির্দেশাবলি মেনে চলতে হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের প্রতি মানুষকে এভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাহলে বড় কোনো সমস্যায় পড়তে হবে না।’ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় জেমি বাংলাদেশ ছেড়ে যান ১২ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত