পুলিশের বাড়িতে ডাকাতি পুলিশই বলছে ‘নাটক’

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৫৪ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক পুলিশ সদস্যের বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা গৃহকর্তা ও তার মাকে হাত-মুখ বেঁধে ১ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে মাধবপুর থানার ওসি বলছেন এটি সাজানো নাটক।

উপজেলার বহরা ইউপির গিলাতলী গ্রামের পুলিশের এএসআই আনোয়ার আলম খান সুনামগঞ্জের ছাতক থানায় কর্মরত। মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাড়িতে তার ছোট ভাই অ্যাডভোকেট শাহিনূর আলম খান ও বৃদ্ধা মা সাহেদা খানম থাকেন।

শনিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে দুটি কক্ষে প্রবেশ করে। ১০-১২ জনের ডাকাতদলটি ঘরে প্রবেশ করেই তার ছোট ভাই ও মায়ের হাত মুখ বেঁধে ফেলে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করে। একপর্যায়ে ট্রাঙ্ক ও আলমারির চাবি নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে চলে যায়।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ফারুক পাঠানকে নিয়ে ঘটানস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে ডাকাতির কোনো আলামত পাইনি। ওই গ্রামে পাহারাদার নিযুক্ত রয়েছে। পূর্ব শত্রুতাবশত কাউকে ফাঁসানোর জন্য এটি নাটক সাজানো হতে পারে।’

এ ব্যাপারে এএসআই আনোয়ার আলম খান বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে কারও শত্রুতা নেই। কোনো মামলা মোকদ্দমাও নেই। ওসির মন্তব্যটি অবান্তর।’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত