দেশব্যাপী করোনা আতঙ্কে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনার মধ্যে বিয়ে করতে গিয়ে জেল হাজতে যেতে হয়েছে এক বরের।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লুকিয়ে বিয়ে করতে আসা বরকে ১৪ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বর কেন্দুয়া উপজেলার রামপুর ভুগিয়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে নাইম মিয়া (১৯)।
সোমবার সকালে একই উপজেলার রোয়াইল বাড়ি গ্রামের এক কিশোরীর (১৪) সঙ্গে বিয়ের আয়োজন করলে প্রশাসন বাল্য বিয়ে ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, সোমবার ভোরের দিকে রোয়াইল বাড়ি গ্রামে অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন দেখে গ্রামের মানুষ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বাড়িস্থলে বরকে পাওয়া গেছে। এ সময় কনের বাড়ির লোকজন পালিয়ে যায়।
এ সময় বর নাইম মিয়াকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
