করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলাকালে রাস্তায় আটকে পড়া মজুরদের ওপর জীবাণুনাশক স্প্রে করার একটি ভিডিও নিয়ে সমালোচনা চলছে। লোকগুলো লকডাউনের কবলে পড়ে বড় শহর ছেড়ে তারা নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছিল বলে জানা গেছে।
এনডিটিভি জানায়, লক্ষ্ণৌ থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের বেরেলি জেলায় আটকে পড়া ওই দিনমজুরদের ওপর জীবাণুনাশক স্প্রে করার ভিডিও টি ধারণ করা হয়।
ভিডিওতে দেখা যায়, সুরক্ষা পোশাক পড়া কিছু লোক একদল মজুদের ওপর জীবাণুনাশক স্প্রে করছে। মজুরদের দলটিতে নারী ও শিশুরাও ছিল। জীবাণুনাশক স্প্রে করার সময় তারা সবাই উল্টোমুখো হয়ে মাথা নিচু করে রাস্তার ওপর বসে ছিল।
পেছন থেকে তাদের ওপর জীবাণুনাশক স্প্রে করার সময় যারা ঘটনা প্রত্যক্ষ করছিল তাদের মধ্যে কিছু পুলিশ সদস্যকেও দেখা গেছে। দিনমজুরদের এই দলটি দিল্লি, হারিয়ানা ও নয়ডা থেকে তাদের জন্য ব্যবস্থা করা বিশেষ বাসে করে বেরেলিতে ফিরেছিল।
ভিডিও ক্লিপটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, চোখ বন্ধ করে রাখো, বাচ্চাদের চোখও বন্ধ করো।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে বেরেলি জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ওই মজুরদের ওপর ক্লোরিন ও পানির একটি মিশ্রণ ছিটানো হয়েছে, কোনো কেমিক্যাল সলিউশন ব্যবহার করা হয়নি। আমরা তাদের চোখ বন্ধ করে রাখতে বলেছিলাম।
তার দাবি, আমরা অমানবিক কিছু করিনি। প্রচুর লোক ফিরে আসায় খুব চাপ ছিল আর সবাইকে জীবাণুমুক্ত করা গুরুত্বপূর্ণ ছিল। তাই যা সবচেয়ে ভালো বলে বিবেচনা করেছি তাই করেছি আমরা।
এক টুইটে এই ঘটনার নিন্দা করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, আমরা সবাই মিলে এ সংকটের (করোনাভাইরাস) বিরুদ্ধে লড়ছি। উত্তর প্রদেশের সরকারের প্রতি আবেদন জানিয়ে বলছি, অনুগ্রহ করে এ ধরনের অমানবিক আচরণকে প্রশ্রয় দেবেন না।
প্রিয়াঙ্কা বলেন, ওই মজুররা ইতিমধ্যে অনেক ধকল সয়েছে। তাদের ওপর রাসায়নিক স্প্রে করবেন না। এটি তাদের সুরক্ষা দেবে না, বরং এতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে।
