দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৮:১৭ এএম

দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের মিরপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা জব্দ করেছে।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে মাদক চোরাকারবারিদের একটি দল মিরপুর গ্রাম হয়ে বিরামপুরে আসার খবর পায় পুলিশ।

খবর পেয়ে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর গ্রামে অভিযানে যায়। সেখানে পুলিশের মুখোমুখি হলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

মাদক ব্যবসায়ীদের গুলিতে এএসআই শাহজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার আহত হন।

পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে বিরমাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, তিনটি চড় চাকু জব্দ করে।

ওসি মনিরুজ্জামান জানান, আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত