নিষেধাজ্ঞা অমান্য করে গির্জায় ধর্মীয় কার্যক্রম চালু রাখায় একজন যাজককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। সোমবার ফ্লোরিডায় হিলসবোরো কাউন্টিতে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আনা হয়।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে যাজক রডনি হাওয়ার্ড-ব্রাউন স্থানীয় একটি গির্জায় ধর্মীয় কার্যক্রম চালু রাখেন। এতে অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করেন। যাতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
১৫ মার্চ একটি ধর্মীয় জমায়েতে অনেক মানুষের সঙ্গে তিনি হাত মেলান এবং মানুষকে আশ্বস্ত করেন, ‘করোনাভাইরাসে ভীত হওয়ার কিছু নেই’। সেই সঙ্গে তিনি ঘোষণা দেন, তার গির্জা কখনো বন্ধ করা হবে না।
কাউন্টি শেরিফ চাদ ক্রোনিস্টার জানান, তার কারণে অনেক মানুষের জীবন এখন ঝুঁকির মুখে। কয়েক হাজার মানুষ এই সপ্তাহে তার কারণে সংস্পর্শে এসেছে।
এই ঘটনায় যাজক রডনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি স্বাস্থ্য জরুরি অবস্থা বিধিনিষেধ অমান্য করেছেন এবং অবৈধভাবে জমায়েত করেছেন।
তার জামিনের জন্য ৫০০ ডলার ধার্য করা হয়েছে। এই অর্থ পরিশোধের পর তাকে জামিন দোয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রায় এক লাখ ৬৫ হাজার মানুষের মধ্য সংক্রমণ ঘটেছে। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ১৭০ জন।
