বরিশালে করোনা শনাক্তকরণ মেশিন স্থাপনের কাজ শুরু

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৭:০১ পিএম

 

বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার পলিমারী চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষ পিসিআর মেশিন স্থাপনের জন্য বরাদ্দ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে কক্ষটির সংস্কার শুরু করে পিসিআর মেশিনের কার্যক্রম চালানোর জন্য উপযোগী করার কাজ চলছে।

কক্ষ প্রস্তুত ও পিসিআর মেশিন স্থাপন করে ব্যবহার উপযোগী করতে ৬-৭ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্লিষ্টরা। এরপরই করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান  সহকারী অধ্যাপক ডা. এমটি জাহাঙ্গীর হুসাইন।

 

বরিশাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন টেকনেশিয়ান প্রয়োজন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কজে কিংবা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য দক্ষ জনবল নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান।

উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আবেদনের দীর্ঘ প্রতীক্ষার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার জন্য একটি পিসিআর মেশিন পাঠায়। আইইডিসিআর থেকে একদল বিশেষজ্ঞ মেশিনটি স্থাপনের জন্য মঙ্গলবার বরিশাল এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত