করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব। এই সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। যাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
তবে ওয়ার্নার কৃতজ্ঞতা প্রকাশে বেছে নিলেন অভিনব উপায়। নিজের মাথা ন্যাড়া করে চিকিৎসক- স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন তিনি।
নাথা ন্যাড়া করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার। যার ক্যাপশনে লিখেছেন, ‘যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, তাদের সমর্থনে আমি মাথা ন্যাড়া করলাম... অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সময়ে মাথা ন্যাড়া করেছিলাম। এরপর শেষ কবে ন্যাড়া হয়েছিলাম মনে নেই।’
সেই সঙ্গে ওয়ার্নার ন্যাড়া হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া দলে নিজের বেশ ক’জন সতীর্থ ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, জো বার্নস, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিসসহ বেশ কজনকে এ জন্য মনোনীত করেছেন ওয়ার্নার।
