ভারতে এখন চলছে ২১ দিনের লকডাউন। সারা ভারতের মানুষ এখন ঘরবন্দী। বন্ধ রয়েছে সব ধরনের শুটিংও। ঘরে বসেই সময় কাটাচ্ছেন শোবিজ তারকারাও। এই ঘরবন্দী অবসরে তারকাদের কেউ কেউ বই পড়ছেন, কেউ গিটারের ধুলো ঝেড়ে বের করেছেন। অনেকে আবার পুরোনো অভ্যাসই ঝালিয়ে নিচ্ছেন বাড়িতে। কিন্তু এত কিছুর মধ্যেও ফিটনেস নিয়ে যাদের মাথাব্যথা তাদের কী হবে। এই সমস্যারও সমাধান করে ফেলেছেন তারা। যিশু সেনগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পাওলি দাম- প্রত্যেকেই বাড়িতে শরীর চর্চায় মগ্ন। অর্জুন, সায়ন্তিকা অবশ্য ফিটনেস ফ্রিক। সারা বছরই মোটামুটি শরীরচর্চার মধ্যে থাকেন তারা। লকডাউনে বাড়িতেই নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছেন সকলে। সেই ওয়ার্কআউট ভিডিও পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের একই ট্রেন্ড চলছে। বাইরে বেরোতে না পারায় বাড়ির ছাদ কিংবা কমিউনিটি জিমেই ওয়ার্কআউট করছেন তারা। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের ভিডিও তো রীতিমতো ভাইরাল।
